গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জামে মসজিদ ও ১২টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে বাতুর রহমান জামে মসজিদ ছাড়াও ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি সামগ্রী, মুরগি ও ভাঙারির বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল করিম জানান, খবর পাওয়ার পর শ্রীপুর ও রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের চারটি ইউনিট সমন্বিতভাবে কাজ শুরু করে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পার্শ্ববর্তী একটি ঝুটের গুদাম থেকে আগুনের উৎপত্তি হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে এখন চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন বাজারের ব্যবসায়ীরা।


























