রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. নূর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফ্রা এলাকার মাঝামাঝি স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নূর আলম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইপাড়া এলাকার সুতাইল গ্রামের সাকাউল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি বাস চন্দনী বাসস্ট্যান্ড অতিক্রম করার পরপরই বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


























