নোয়াখালীর সুবর্ণচরে শিম খেতের ঘাস পরিষ্কার করতে গিয়ে মো. সাহেদ (১৭) নামের এক কিশোর দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর নোমান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহেদ একই এলাকার মো. খলিলের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে প্রতিবেশীর শিম খেতে দিনমজুর হিসেবে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন সাহেদ। সকাল ১০টার দিকে খেতের মালিকের লোকজন তার জন্য সকালের খাবার নিয়ে গিয়ে দেখতে পান, সাহেদ খেতে জমে থাকা হাঁটু পানিতে নিথর অবস্থায় পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি কিশোরকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের ধারণা, কাজ করার সময় হঠাৎ স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


























