বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য ভূখণ্ড হিসেবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, হাজার বছর ধরে এ দেশের সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। শারদীয় দুর্গাপূজা আজ সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। তবে এই সম্প্রীতি নষ্ট করতে সক্রিয় থাকা যেকোনো ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার রাতে খুলনা মহানগরীর তেলিগাতী এলাকার নেপাল আশ্রম পূজামণ্ডপে আয়োজিত বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ বকুল বলেন, ধর্মীয় পরিচয় কখনো মানুষের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে না। বরং ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সমাজকে সুসংহত করে। বর্তমান সরকার প্রতিটি নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা, অধিকার ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে অবিচল প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে।
ধর্মকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে বিভেদ সৃষ্টির যেকোনো ঘৃণ্য অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পারস্পরিক ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমেই বৈষম্যহীন এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে উৎসবের আনন্দ সবার ঘরে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেন।


























