সম্প্রতি একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সরকার কাজ করছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।
সোমবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন—এমন একটি গুজব স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।
অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবে কান না দেওয়ার জন্য সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে একটি নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠন করা হবে।
নতুন এই ব্যাংকের জন্য ‘ইন্টার ইউনাইটেড ইসলামী ব্যাংক’ অথবা ‘সম্মিলিত ইসলামী ব্যাংক লিমিটেড পিএলসি’—এই দুটি নাম প্রস্তাব করা হয়েছে।
এর আগে গত ৯ অক্টোবর, উপদেষ্টা পরিষদে বেসরকারি খাতের এই সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংককে একীভূত করে একটি নতুন শরীয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সেই উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।
রিপোর্টারের নাম 

























