বরিশাল আদালত চত্বরের ১০ তলা জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে নিচে পড়ে নাজমুল হক (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এই আকস্মিক মৃত্যুতে পুরো আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত নাজমুল হক বরিশাল সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল নগরের কাশীপুর হাইস্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেলে জুডিশিয়াল ভবনের ষষ্ঠ তলা থেকে হঠাৎ নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, কী কারণে নাজমুল হক আদালত চত্বরে এসেছিলেন এবং কীভাবে তিনি ভবন থেকে নিচে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে। এদিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

























