ব্যাংক কার্ড থেকে বিকাশ, নগদ বা রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের (অ্যাড মানি) ক্ষেত্রে নতুন নিরাপত্তা নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক কার্ড প্রথমবারের মতো এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হলে গ্রাহককে সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’ সম্পন্ন করতে হবে। এই লেনদেন সফল হওয়ার ২৪ ঘণ্টা পর কার্ডটি পুরোপুরি সক্রিয় হবে এবং গ্রাহক স্বাভাবিক লেনদেন করতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে কার্ডধারী এবং এমএফএস হিসাবধারীর নাম অভিন্ন হলে টোকেন লেনদেনের প্রয়োজন হবে না। এছাড়া, কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে টাকা স্থানান্তরকে এখন থেকে ‘মার্চেন্ট পেমেন্ট’-এর পরিবর্তে ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে গণ্য করতে হবে। একই সঙ্গে লেনদেনের সময় কার্ড ইস্যুকারী ব্যাংক যেন বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর দেখতে পায়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপত্তাজনিত ঝুঁকি ও জালিয়াতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে এই নতুন ব্যবস্থা কার্যকর করতে হবে। অন্যথায়, ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টে টাকা আনার সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























