যুক্তরাষ্ট্রের বি১-বি২ বা ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন করে কড়া সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস। শনিবার সকালে দূতাবাসের এক বিশেষ বার্তায় জানানো হয়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরণের পারিশ্রমিক গ্রহণ বা সেখানকার কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই ভিসায় কেবল ব্যবসায়িক আলোচনা, চুক্তি নিয়ে দরকষাকষি বা বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের মতো নির্দিষ্ট কিছু কার্যক্রম পরিচালনা করা যাবে। এর বাইরে কোনো পেশাদার কাজে যুক্ত হওয়া ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এছাড়া, শুধু সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়াও অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তারা যদি মনে করেন কোনো আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্য এটিই, তবে তার ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হবে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, নিজের ভিসা সঠিকভাবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করা প্রত্যেক ভ্রমণকারীর নিজস্ব দায়িত্ব। নিয়ম লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বড় ধরণের আইনি জটিলতা বা নিষেধাজ্ঞা আসতে পারে।
রিপোর্টারের নাম 




















