জবাবদিহিতামূলক সংসদীয় ব্যবস্থা উপহার দেওয়ায় বর্তমান সংসদ এবং এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই ধন্যবাদ জানান।
আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে সাংবিধানিক আইন পড়িয়ে আসছেন। আগে যখন ক্লাসে বলতেন যে সংসদের অন্যতম প্রধান কাজ হলো সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, তখন শিক্ষার্থীরা অবাক হতো। কারণ বিগত সরকারের আমলে তারা এমন কোনো নজির দেখেনি। তবে বর্তমান সংসদের চিত্র বদলেছে এবং শিক্ষার্থীরা এখন বাস্তবতার সঙ্গে তাত্ত্বিক বিষয়গুলো মেলাতে পারছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীরা বর্তমানে সংসদে বিভিন্ন দলের নেতাদের বলিষ্ঠ ও গঠনমূলক বক্তব্য শুনছে, যা একটি কার্যকর সংসদের পরিচয় বহন করে। আসিফ নজরুলের প্রত্যাশা, আগামী দিনেও সংসদ হবে আইন প্রণয়ন ও সরকারের স্বচ্ছতা নিশ্চিত করার প্রধান কেন্দ্রবিন্দু। দেশের তরুণ প্রজন্ম যেন আর কখনও সংসদের প্রকৃত ভূমিকা ভুলে না যায়, সেই আশাবাদও ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 


















