লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। শনিবার দুপুরে তিনি বন্দর এলাকায় পৌঁছালে কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সফরকালে তিনি বন্দরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে স্থানীয় আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন সহকারী হাইকমিশনার। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা এবং সীমান্ত বাণিজ্যে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ব্যবসায়ীরা বিশেষ করে কিছু নির্দিষ্ট পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা এবং ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি তার সামনে তুলে ধরেন।
জবাবে মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরের বাণিজ্যিক গুরুত্ব অনেক। যেসব পণ্য আমদানিতে বর্তমানে সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ব্যবসায়ীদের জন্য বিজনেস ভিসাসহ অন্যান্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার প্রতিশ্রুতি দেন তিনি। পরিদর্শন শেষে তিনি শূন্যরেখায় বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন।
রিপোর্টারের নাম 




















