বলিউড তারকা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার মধ্যকার পারিবারিক টানাপোড়েন এবং পরকীয়ার অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে গোবিন্দ দাবি করেন, প্রায় সাত-আট বছর আগেই তিনি এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ইঙ্গিত পেয়েছিলেন। তাঁর মতে, কোনো তৃতীয় পক্ষ উদ্দেশ্যমূলকভাবে সুনীতাকে বিভ্রান্ত ও প্রভাবিত করছে।
স্ত্রীর বিভিন্ন অভিযোগের বিপরীতে সরাসরি কোনো দ্বন্দ্বে না জড়ানোর কথা জানিয়ে গোবিন্দ বলেন, ক্ষোভের মাথায় কোনো কথা বললে তা দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি করে, এজন্য তিনি চুপ থাকাই শ্রেয় মনে করেন। তবে যারা তাঁর ক্ষতি করার চেষ্টা করছে, তারা ভবিষ্যতে নিজেদের ভুল অনুধাবন করতে পারবে বলে মন্তব্য করেন তিনি।
দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন থাকলেও ক্যারিয়ারের সাফল্যের পেছনে সুনীতার অবদানের কথা অকপটে স্বীকার করেছেন গোবিন্দ। উল্লেখ্য, অভিনেত্রী কোমল রানির সঙ্গে গোবিন্দর সম্পর্ক রয়েছে বলে সুনীতা দাবি করলেও সেই অভিযোগের কোনো সুনির্দিষ্ট প্রমাণ এখনো সামনে আসেনি।
























