শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুরের শ্রী শ্রী মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। সোমবার (১৯ অক্টোবর) মহাষ্টমীর এই আয়োজনের মধ্য দিয়ে সিলেটে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা সম্পন্ন হলো।
পূজা দেখতে সকাল থেকেই দক্ষিণ সুরমার জৈন্তপুরের মহালক্ষ্মী মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল ১০টায় আনুষ্ঠানিকতা শুরুর পর বেলা সাড়ে ১১টায় কুমারী পূজা সম্পন্ন হয়। নারীশক্তির প্রতি সম্মান জানিয়ে দেবী দুর্গার প্রতিরূপ হিসেবে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে এই পূজায় কুমারী হিসেবে পূজা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্যের স্ত্রী দিনারা মালিক, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও তাঁর স্ত্রী সুমনা দাস। আয়োজকরা জানান, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির ধারা বজায় রাখতে এবং নতুন প্রজন্মের কাছে নারীশক্তির মহিমা তুলে ধরতে এই পূজার আয়োজন করা হয়েছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হয়েছে বলে জানান মন্দির কমিটির সভাপতি শিবব্রত ভৌমিক।


























