প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় জুলাই যোদ্ধাদের চিকিৎসায় যেন কোনো ধরনের গাফিলতি না হয়, সে জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুরের বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের জীবনদান, অঙ্গহানি ও পঙ্গুত্বের বিনিময়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো ধরনের প্রশাসনিক জটিলতায় তাঁদের চিকিৎসা ব্যাহত হওয়া অনুচিত।
তিনি আরও বলেন, আহতদের আর্থিক সহায়তা প্রদান, পুনর্বাসন এবং তাঁদের পরিবারকে সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করতে হবে। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নেওয়া ভালো উদ্যোগগুলো বর্তমান সরকারকে গুরুত্বের সঙ্গে দেখভাল করতে হবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, জুলাই যোদ্ধাদের ত্যাগের কথা কখনোই ভুলে যাওয়া যাবে না। তাঁদের মহান আত্মত্যাগের কারণেই দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। আহতদের অনেকে হয়তো আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, তাই রাষ্ট্র ও জনগণকে সবসময় তাঁদের পাশে থাকতে হবে।
এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী নাবিলা তাসনিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।






















