১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় শেখ হাসিনাকে ‘পলাতক মানবতাবিরোধী অপরাধী’ হিসেবে চিহ্নিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তার দেশে ফেরার বা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে এবং যেসব মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ডই তাকে ভোগ করতে হবে।
শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিছিলটি জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভ মিছিল অন্যায়, জুলুমবাজি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি জোরালো প্রতিবাদ। একই সঙ্গে এটি স্বৈরাচারী শেখ হাসিনার দেশে ফেরার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধেও হুশিয়ারি।
শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, তিনিও অতীতে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রিজভী বলেন, ‘১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি কোনোভাবেই দেশে ফিরতে পারেন না। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার দায়ে তার বিরুদ্ধে যেসব দণ্ড ও বিচারপ্রক্রিয়া রয়েছে, তার প্রতিটি শাস্তি তাকে ভোগ করতেই হবে।’
আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলটির নেতারা বিদেশে পালিয়ে কলকাতার বিলাসবহুল ফ্ল্যাটে দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী নিয়ে আরাম-আয়েশে জীবনযাপন করছেন। কেউ থাইল্যান্ডের ব্যাংককে, কেউ আবার সিঙ্গাপুরে বিলাসী জীবন কাটাচ্ছেন। অথচ দেশে দলের তৃণমূলের নিরীক্ষ বা সাধারণ নেতাকর্মীদের হাতে বোমা ধরিয়ে দিয়ে এখানে-সেখানে আতশবাজি ফুটিয়ে নাশকতা চালানো হচ্ছে।
যুবদল ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, এসব হীন কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মনে ভয় ধরানো যাবে না। বিগত দিনে গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নসহ বহু নেতাকর্মী অকথ্য শারীরিক নির্যাতন ও অত্যাচারের শিকার হয়েছেন, তবুও তাদের মাথা নত করানো যায়নি।
ফ্যাসিবাদ চিরতরে প্রতিরোধের দৃঢ় ঘোষণা দিয়ে বিএনপির এই নেতা বলেন, জাতীয়তাবাদী শক্তির মাথা কখনোই নত হবে না। ফ্যাসিবাদের যে দোসররা নানা স্বপ্ন দেখছে, তাদের সেই অপচেষ্টা প্রতিহত করতে সারা দেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি রাজপথের প্রতিটি মোড়ে মোড়ে কড়া ব্যারিকেড গড়ে তুলবে।
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

























