ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার শুধু একটি সেমিফাইনালই অনুষ্ঠিত হয়নি, রচিত হয়েছে দক্ষিণ এশীয় ফুটবলের প্রযুক্তিনির্ভর নতুন এক অধ্যায়! সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি। আর সেই অভিষেকেই দেখা মিলেছে রোমাঞ্চকর উত্তেজনার। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে দুবার মাঠের রেফারির সিদ্ধান্ত বদলে দিয়েছে ভিডিও রিভিউ। মজার ব্যাপার, দুই ক্ষেত্রেই সিদ্ধান্তের প্রভাব পড়েছে ভারতের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত প্রযুক্তির নাটকীয়তা পেরিয়ে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত।
ম্যাচের ৪৮ মিনিটে ভুটানের আনন্দের উপলক্ষ হয়ে আসে ভিএআর। ভারতের ডি-বক্সে ফ্রি-কিক থেকে তৈরি হওয়া জটলায় চেনচো গিয়েলশেনের নেওয়া শট থেকে কিনজাং তাশি তোবদেন বল জালে পাঠান। সহকারী রেফারির অফসাইডের পতাকায় প্রথমে থমকে যায় ভুটানের উদ্যাপন। কিন্তু ভিডিও পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান রেফারি। গোলটি বৈধ ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ভুটানের খেলোয়াড়েরা।
এর ১৭ মিনিট পর আবারও আলোচনায় আসে ভিএআর। এবার ভারতের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। বদলি খেলোয়াড় ইরফান যাদওয়াদের ক্রস নিমা ওয়াংদির হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজে। সুহাইল আহমেদ ভাট যখন স্পটকিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই রেফারিকে ডাকা হয় অন-ফিল্ড মনিটরে। রিপ্লে দেখার পর নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। বাতিল হয় ভারতের পেনাল্টি। ভুটান পায় বড় স্বস্তি, আর ম্যাচে ফিরে আসে নতুন উত্তেজনা।
সাফের এই আসরে ভিএআরের ব্যবহার কেবল ম্যাচের মোড় ঘোরানোর ঘটনাই নয়, আঞ্চলিক ফুটবলের জন্যও তা বড় সংযোজন। দক্ষিণ এশীয় ফুটবলে প্রথমবার এবং বাংলাদেশের মাটিতে এই প্রথম চালু হলো প্রযুক্তিটি। আপাতত সেমিফাইনাল ও ফাইনালেই থাকছে এর ব্যবহার। রেফারিদের সিদ্ধান্তকে আরও নির্ভুল ও স্বচ্ছ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
তবে প্রযুক্তির আলোচনার আড়ালে মাঠের লড়াইটিও ছিল বেশ জমজমাট। প্রথমার্ধে ভারত ছিল অনেকটাই নিয়ন্ত্রণে। ম্যাচের অষ্টম মিনিটে নিখিল প্রভুর বাড়ানো বলে বিষ্ণুর গোলে এগিয়ে যায় দলটি। ২৮ মিনিটে অধিনায়ক চিংলেনসানা সিংয়ের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে যায় ভারত।
কিন্তু দ্বিতীয়ার্ধে চিত্র বদলানোর চেষ্টা করে ভুটান। বিরতির পর নতুন উদ্যমে মাঠে ফিরে এক গোল শোধ করে তারা। এরপর একাধিকবার ভারতের রক্ষণে চাপ সৃষ্টি করে দলটি। ভিএআরের দুই সিদ্ধান্তও ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয়। শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়েছিল ভুটান। ছোট বক্সে উড়ে আসা বলের নাগাল পেতে পারেননি ভুটানের এক ফরোয়ার্ড। সেই সুযোগ হাতছাড়া হওয়ার পরই বেজে ওঠে শেষ বাঁশি।
মাঠে হতাশায় শুয়ে পড়েন ভুটানের খেলোয়াড়েরা। ১৮ বছর পর সেমিফাইনালে ওঠার আনন্দ শেষ পর্যন্ত রূপ নেয় ফাইনালে যেতে না পারার আক্ষেপে। ইতিহাস গড়ার কাছাকাছি গিয়েও প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠা হলো না তাদের।
এদিকে ঢাকার মাঠে ব্যবহৃত ভিএআর লাইট…


























