যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের ডাইভারসিটি গ্রিন কার্ড লটারি বা ডিভি লটারি কার্যক্রম পুনরায় চালু করার জন্য ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল আদালত। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ কম, সেসব দেশের নাগরিকদের জন্য এ সিদ্ধান্ত নতুন সুখবর নিয়ে এসেছে বলে ফোর্বসের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের বিচারক জিনসুক ওহতা গত ১৪ অক্টোবর এ সংক্রান্ত আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের সময়সূচি প্রকাশ করে ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে হবে। এই পুরো নিবন্ধন কার্যক্রম টানা ৩০ দিন চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সময়সূচি, আবেদন পদ্ধতি ও যোগ্যতার শর্তাবলি জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষায় থাকতে বলা হয়েছে।
রেড ঈগল ল নামে একটি আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের করা মামলার প্রেক্ষিতে এই আদেশ আসে। প্রতিষ্ঠানটির দাবি ছিল, নির্দিষ্ট সময়ে আবেদন গ্রহণ শুরু না করে কর্মসূচিটি আটকে রাখা হয়েছে, যার ফলে আবেদনকারীদের পাশাপাশি তারা নিজেরাও আর্থিক ক্ষতির মুখে পড়েছে। উল্লেখ্য, এই লটারির মাধ্যমে প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার যোগ্য নাগরিককে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড দেওয়া হয়। ১৯৯০ সালের ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় তৎকালীন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এই কর্মসূচির সূচনা করেছিলেন।


























