হলিউডের প্রবীণ অভিনেতা ও চিত্রনাট্যকার ওয়াল্টার কোয়েনিগ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। জনপ্রিয় প্রখ্যাত বিজ্ঞান কল্পকাহিনীভিত্তিক সিরিজ ‘স্টার ড্রেক’-এ পাভেল চেকভ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তুমুল পরিচিতি লাভ করেছিলেন তিনি।
ওয়াল্টারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে গ্যালাকটিক প্রোডাকশন্স। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, স্থানীয় সময় গত রাতে যুক্তরাষ্ট্রের নর্থ হলিউডে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই তারকা অভিনেতা। মৃত্যুর সময় তার পাশে মেয়ে ও ভাগনি উপস্থিত ছিলেন। বার্ধক্যজনিত শারীরিক জটিলতার কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়।
বিবৃতিতে ওয়াল্টারের অসাধারণ অভিনয়প্রতিভা ও আন্তরিকতার প্রশংসা করে বলা হয়, বিশেষ করে ‘স্টার ড্রেক: দ্য অরিজিনাল সিরিজ’-এ পাভেল চেকভ চরিত্রে তার অবিস্মরণীয় অভিনয় দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজ ছাড়াও সিনেমা সংস্কারণেও একই চরিত্রে তাকে দেখা গেছে।
‘স্টার ড্রেক’ ছাড়াও সায়েন্স ফিকশন সিরিজ ‘ব্যাবিলন ৫’-এ আলফ্রেড বেস্টার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন ওয়াল্টার। জীবনের শেষ পর্যায় পর্যন্ত অভিনয় চালিয়ে যাওয়া এই অভিনেতা ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিস্টার ফ্লেইশম্যান’-এ অভিনয়ের জন্য একই বছর ইন্ডিপেনডেন্ট শর্টস অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা হিসেবে প্ল্যাটিনাম পুরস্কার লাভ করেন।























