নেত্রকোনার ঐতিহ্যবাহী মগড়া নদীসহ জেলার সংকটাপন্ন নদ-নদী রক্ষায় সমন্বিত করণীয় নির্ধারণের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
‘নদী রক্ষায় করণীয়’ শীর্ষক এ সভায় নদী দখল, দূষণ, ভরাট এবং অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করে নদ-নদীর স্বাভাবিক জলপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নদী সুরক্ষায় পরিবেশ আইন প্রয়োগ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিতের দাবি জানানো হয়।
সভায় বেলার নেটওয়ার্ক মেম্বার দিলোয়ার খান উল্লেখ করেন, নেত্রকোনার অন্যতম প্রধান নদী মগড়া এখন মারাত্মক অস্তিত্বসংকটে ভুগছে। অপরিকল্পিত দখল, বিষাক্ত বর্জ্যের দূষণ, নদীর তলদেশ ভরাট ও নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদীটির প্রবাহ হারিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাবে অঞ্চলে সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে, ব্যাহত হচ্ছে কৃষিকাজ এবং মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে জলজ জীববৈচিত্র্য। এ ছাড়া দূষিত পানি ব্যবহারের কারণে নদী অববাহিকার মানুষ নানা জটিল স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
বক্তারা আরও বলেন, দেশের উচ্চ আদালত নদ-নদীকে ‘জীবন্ত সত্তা’ ঘোষণা করলেও আইনের কঠোর ও কার্যকর প্রয়োগের অভাবে নদীগুলোর অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। নদীর পরিবেশ, প্রতিবেশ ও বাস্তুতন্ত্র সুরক্ষার পাশাপাশি নদীকেন্দ্রিক মানুষের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে প্রশাসন ও স্থানীয় জনগণের সম্মিলিত ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।
উক্ত আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় পরিবেশকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






















