যশোর সদর উপজেলার কাপুড়িয়াপট্টি এলাকায় মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে বিএসটিআইয়ের উপপরিচালক ও যশোর কার্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আসলাম শেখ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
অভিযান চলাকালে পরিমাপে কারচুপির উদ্দেশ্যে ওজনযন্ত্রে ত্রুটি রাখায় মেসার্স চৌধুরী গোল্ড নামের একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বৈধ মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ‘ব্ল্যাক টি’ প্যাকেটজাত ও বাজারজাত করার অপরাধে বাংলাদেশ টি স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো. রাকিব ইসলাম এবং মো. সাব্বির আহমেদ। জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


























