নরসিংদীর মাধবদীতে একটি ডাইং ও ফিনিশিং কারখানার বয়লার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ জামাল (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত আটজন শ্রমিক ও কর্মী আহত ও দগ্ধ হয়েছেন।
নিহত জামালের বাড়ি ঢাকার ডেমরার সারুলিয়া এলাকায়। তিনি মাধবদীর বিরামপুর এলাকায় অবস্থিত ‘কালিবাড়ি ডাইং অ্যান্ড ফিনিশিং’ কারখানায় কর্মরত ছিলেন। এর আগে বুধবার বিকেলে কারখানার বয়লার মেরামতের সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে গুরুতর দগ্ধ ছয়জনকে তাৎক্ষণিকভাবে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয় এবং স্থানীয়ভাবে আরও তিনজন আহত হন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিস্ফোরণের খবর পেয়ে মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, আগুনে বয়লার মেশিনটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেরামতের সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকেই এই ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।


























