সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বিপথগামী ও মাদকাসক্ত তরুণ সমাজকে সুস্থ জীবনে ফেরাতে ক্রীড়াঙ্গনে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর।
শনিবার বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টুর্নামেন্টের জমজমাট ফাইনালে নবাবের হাট আদর্শ ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বসুন্ধরা ক্রীড়া চক্র।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের লক্ষ্যে আগামী ৫ নভেম্বর খুলনার জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছরের দুঃশাসনে দেশের ক্রীড়াঙ্গন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল এবং খেলার মাঠগুলো দখল করে নেওয়া হয়েছিল। বর্তমান সরকার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে মাঠগুলো দখলমুক্ত করে নতুন প্রজন্মের জন্য উন্মুক্ত করে দিচ্ছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান ও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

























