বাংলাদেশ ফুটবল লিগে আজ শুক্রবার যেন অঘটনের দিন! একদিকে ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ম্যাচে ফেরার চেষ্টা করেও হার এড়াতে পারেনি আবাহনী লিমিটেড। অন্যদিকে টানা চার জয়ে উড়তে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে থামিয়ে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। দিনের দুই ম্যাচেই ৩-২ ব্যবধানের জয় পেয়েছে পুলিশ এফসি ও ঢাকা ওয়ান্ডারার্স। আর মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে আলোচনায় রহমতগঞ্জ।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীকে হারাতে পুলিশ এফসির খুব বেশি বেগ পেতে হবে বলে মনে হচ্ছিল না। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর দ্রুতই নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সেনেগালের ফরোয়ার্ড রাসুল বার গোল করে দলকে এগিয়ে দেন। ৬২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ক্যামেরুনের স্যাম। তখন পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি পুলিশের হাতে।
কিন্তু শেষ দিকে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৮৫তম মিনিটে বাবাতুন্দের ক্রস থেকে ইমতিয়াজ গোল করলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখে আবাহনী। যোগ করা সময়ে স্যামের পাস থেকে শাফিক গোল করে পুলিশের ব্যবধান আবার বাড়ান। তাতে মনে হচ্ছিল, ম্যাচের উত্তেজনা বুঝি শেষ। কিন্তু যোগ করা সময়ের সপ্তম মিনিটে বাবাতুন্দে পেনাল্টি থেকে গোল করে আবারও আবাহনীর আশার প্রদীপ জ্বালান। শেষ পর্যন্ত অবশ্য সমতায় ফেরা হয়নি তাদের।
৩-২ গোলের জয়ে মাঠ ছাড়ে পুলিশ এফসি। পাঁচ ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। অন্যদিকে ৩৩ দিন পর লিগে ফিরেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মারুফুল হকের আবাহনীকে। চলতি লিগে এটি তাদের টানা দ্বিতীয় পরাজয়।
দিনের সবচেয়ে বড় চমকটি অবশ্য দেখা গেছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে। সেখানে মোহামেডানের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে রহমতগঞ্জ। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল সাদা-কালোরা। ষষ্ঠ মিনিটে মোজাফ্ফর মোজাফ্ফরভের লম্বা পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে বল নিয়ন্ত্রণে নেন শাহরিয়ার ইমন। এরপর নিখুঁত শটে গোল করে মোহামেডানকে এগিয়ে দেন তিনি।
টানা চার ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা মোহামেডানকে দ্বিতীয়ার্ধে আর খুঁজে পাওয়া যায়নি। বরং আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচে আধিপত্য বিস্তার করে রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধের শুরুতেই সতীর্থের লম্বা ক্রস থেকে কোনাকুনি শটে সমতা ফেরান ইব্রাহিমা সেনে। বলটি দূরের পোস্টে লেগে জালে জড়ালে ম্যাচে নতুন প্রাণ ফিরে পায় রহমতগঞ্জ।
এরপর ৬১তম মিনিটে আসে ম্যাচের সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্ত। কুশল দেউবার ফ্রি কিক থেকে বক্সে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে শরীর শূন্যে ভাসিয়ে অসাধারণ সাইড ভলিতে বল পাঠান ঘানার ফরোয়ার্ড প্রিন্স আনশাহ। তার সেই গোলেই এগিয়ে যায় রহমতগঞ্জ।
পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে মোহামেডান। ৮০তম মিনিটে প্রিন্সের আরেকটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ছয় মিনিট পর জুয়েল মিয়ার হেডও আটকে দেন রহমতগঞ্জের গোলকিপার মামুন আলিফ। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি মোহামেডান।
এই হারে চলতি লিগে প্রথম পরাজয়ের মুখ দেখল মোহামেডান। চার ম্যাচ টানা জয়ের ধারা থামল তাদের।
























