লাইভ কনসার্টে গান পরিবেশন করার সময় মুখে ড্রোনের আঘাত পেয়েছেন বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এর পরিচিত মুখ ও গায়িকা রেবলে। আকস্মিক এ দুর্ঘটনার পর আতঙ্কিত হয়ে গান থামিয়ে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যান এই ভারতীয় গায়িকা। ইতোমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতের গুয়াহাটির হাতিশিলায় ‘পালস ২০২৬ অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পারফর্ম করছিলেন রেবলে। এ সময় জনপ্রিয় গান ‘রান ডাউন দ্য সিটি’ পরিবেশনের পাশাপাশি মঞ্চে নাচছিলেন তিনি। ঠিক তখনই একটি ক্যামেরা ড্রোন হঠাৎ উড়ে এসে তার মুখে সজোরে আঘাত করে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় হতভম্ব হয়ে পড়েন গায়িকা। তাৎক্ষণিকভাবে গান থামিয়ে তিনি মঞ্চ ত্যাগ করেন। অনুষ্ঠানে উপস্থিত এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী জামান ডায়েরিজ ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেবলের ভক্ত-অনুরাগীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই গায়িকা।
মেঘালয়ের বাসিন্দা রেবলে সম্প্রতি বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। সিনেমাটিতে তার গাওয়া তিনটি জনপ্রিয় গান হলো ‘রান ডাউন দ্য সিটি-মনিকা’, ‘মুভ-ইয়ে ইশক ইশক’ ও ‘নাল নাচনা’।
এর আগে ২০২৩ সালে চেন্নাইয়ের ভিআইটি বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করার সময় ড্রোনের আঘাতে আহত হয়েছিলেন গায়ক বেনি দয়াল। সে সময় মাথার পেছনে ও আঙুলে চোট পেয়েছিলেন তিনি। একই বছর ড্রোনের আঘাতে আহত হন গায়িকা নিকিতা গান্ধীও। রেবলের সর্বশেষ এই দুর্ঘটনার ফলে ভারতে লাইভ শোতে ড্রোন ব্যবহারের নিরাপত্তা এবং দক্ষ অপারেটর নিয়োগের বিষয়টি আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে।





















