রংপুরের বদরগঞ্জ রেলস্টেশন এলাকায় সান্তাহার থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেলস্টেশন সুপার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ট্রেনটি বদরগঞ্জ স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। তবে সৌভাগ্যবশত কোনো যাত্রী হতাহত হননি।
রেলওয়ের বিভাগীয় সদর দপ্তরকে দ্রুত বিষয়টি অবগত করা হয়েছে জানিয়ে স্টেশন সুপার বলেন, লালমনিরহাট থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত বদরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।


























