গাজা উপত্যকাজুড়ে ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমানের মাধ্যমে হামলা তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় চালানো এসব হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই শীর্ষ কমান্ডারও রয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র ও চিকিৎসা কর্মকর্তাদের ভাষ্যমতে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে কোনো সতর্কবার্তা ছাড়াই পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
এছাড়া গাজা শহরের শাতি শরণার্থী শিবির ও দারাজ এলাকায় পৃথক ড্রোন হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন। আত-তুয়াম ও জাবালিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রেও হামলা চালানো হয়েছে।
গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার দুই কমান্ডার নাঈম আবু নাহল এবং মোহাম্মদ আবু আল-উফ নিহত হয়েছেন। উপত্যকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যেই নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মন্ত্রণালয় অভিযোগ করেছে।


























