সিলেটের দক্ষিণ সুরমার একটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সরকারি ভ্যাকসিন জব্দ করেছে জেলা প্রশাসন। এই অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে নকল সিগারেট বিক্রির দায়ে অপর একটি দোকানকে জরিমানা করা হয়।
রোববার বিকেলে দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব। অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকটি ফার্মেসির মালিক দোকান বন্ধ করে সটকে পড়েন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে মেসার্স জাকির ফার্মেসির গুদামে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সরকারি ভ্যাকসিন ও বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এর আগে নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় নকল সিগারেট বিক্রির দায়ে ‘প্রত্যাশা বাজার’ নামের একটি মুদি দোকানকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব জানান, ফার্মেসির গুদামে সরকারি ভ্যাকসিন মজুত রাখা আইনত দণ্ডনীয়। ভোক্তাদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ওষুধের বাজারে নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।


























