ভারতের আসামের প্রয়াত প্রখ্যাত সংগীতশিল্পী জুবিন গার্গের কালজয়ী স্মৃতি ও বিপুল সৃষ্টিকর্ম ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে বিশাল উদ্যোগ গ্রহণ করেছে আসাম সরকার। জনপ্রিয় এই শিল্পীর স্মরণে সেখানে নির্মাণ করা হচ্ছে স্থায়ী স্মৃতিসৌধ ‘জুবিন ক্ষেত্র’।
প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের নিমিত্তে সম্প্রতি ১৫ কোটি রুপি বরাদ্দের অনুমোদন দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বুধবার (১৮ নভেম্বর) প্রয়াত জুবিন গার্গের ৫৪তম জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা প্রকাশ করেন।
উত্তর-পূর্ব ভারতের সংগীত, সংস্কৃতি ও শিল্পচর্চায় জুবিনের অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে রাজ্যটির সোনাপুর এলাকায় এটি নির্মিত হচ্ছে। নির্ধারিত বিশেষজ্ঞ কমিটির প্রাথমিক নকশা পাওয়ার পরপরই কাজের দরপত্র বা টেন্ডার আহ্বান করার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সংগীতপ্রেমীদের কাঁদিয়ে অকালে পরলোকগমন করেন বহুমাত্রিক এই সংগীতশিল্পী। অসমিয়া ও হিন্দিসহ বহু ভাষায় কণ্ঠ দিয়ে তিনি ভারত ও বহির্বিশ্বে কোটি কোটি ভক্তের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।























