একটি পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে এবং নিজেদের দেশের সেবায় নিয়োজিত রাখতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিশেষ শপথ পাঠ করিয়েছেন বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। সোমবার দুপুরে গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এই শপথ পাঠ করানো হয়। প্রতিষ্ঠানের শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে শিক্ষার্থীরা দেশের প্রতি আনুগত্য, একতা ও শৃঙ্খলা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষকবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসন ও বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন নবাগত জেলা প্রশাসক। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। ওই সভায় জেলার সার্বিক উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

























