পৃথিবীর বুকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নানা রকম ফলমূল, শস্য ও উদ্ভিদ মহান আল্লাহর অসীম কুদরতের নিদর্শন। এগুলো মানুষের খাদ্য, পুষ্টি ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস।
পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বিভিন্ন ফলমূল ও উদ্ভিদের কথা উল্লেখ করে মানুষকে তার সৃষ্টির প্রতি চিন্তা করতে এবং এসব নেয়ামতের জন্য কৃতজ্ঞ হতে আহ্বান জানিয়েছেন। কোথাও এগুলোকে দুনিয়ার মানুষের জন্য আল্লাহতায়ালার অনুগ্রহ হিসেবে তুলে ধরা হয়েছে, আবার কোথাও জান্নাতের নেয়ামতের বর্ণনায় এসেছে।
পবিত্র কোরআনে উল্লেখিত ফলমূল ও উদ্ভিদের কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ নিচে তুলে ধরা হলো—
খেজুর: খেজুর আরব অঞ্চলের অত্যন্ত পরিচিত ও গুরুত্বপূর্ণ ফল। পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে খেজুরগাছ ও খেজুরের কথা এসেছে। ইরশাদ হয়েছে, ‘আর খেজুরগাছের মোচা থেকে ঝুলন্ত থোকা বের করেন।’ -সূরা আনআম: ৯৯
আঙুর: আঙুর সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ ফল। কোরআনে কারিমে এর উল্লেখ মানুষের জন্য মহান আল্লাহর সৃষ্ট নানা খাদ্য ও নেয়ামতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। আল্লাহতায়ালা বলেন, ‘আর আঙুর ও শাকসবজি।’ -সূরা আবাসা: ২৮
জলপাই: জলপাই বা জয়তুনের উল্লেখ পবিত্র কোরআনে বিশেষভাবে এসেছে। আল্লাহতায়ালা বলেন, ‘শপথ ডুমুর ও জলপাইয়ের।’ -সূরা আত-তিন: ১
ডুমুর: ডুমুরের আরবি নাম ‘তিন’। পবিত্র কোরআনের ৯৫তম সূরার নামই ‘আত-তিন।’ আল্লাহতায়ালা বলেন, ‘শপথ ডুমুর ও জলপাইয়ের।’ -সূরা তিন: ১
ডালিম: ডালিম বা আনার সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘উভয় উদ্যানেই আছে ফলমূল, খেজুর ও ডালিম।’ -সূরা আর রাহমান: ৬৮
কলা বা তালহ: জান্নাতের বৃক্ষরাজির বর্ণনায় আল্লাহতায়ালা বলেন, ‘আর স্তরে স্তরে সাজানো তালহগাছ।’ -সূরা ওয়াকিয়া: ২৯
শসা: বনি ইসরাইলের একটি ঘটনার বর্ণনায় শসার উল্লেখ রয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘আর তার শসা।’ -সূরা আল বাকারা: ৬১
পেঁয়াজ, রসুন ও মসুর ডাল: পবিত্র কোরআনে বনি ইসরাইলের ঘটনার বর্ণনায় পেঁয়াজ, মসুর ডাল এবং ‘ফূম’ শব্দের উল্লেখ রয়েছে। ‘ফূম’ শব্দটির অর্থ নিয়ে ব্যাখ্যাগত মতভেদ আছে; কোনো কোনো তাফসিরে একে রসুন, আবার কোনো কোনো ব্যাখ্যায় গম বলা হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘আর তার পেঁয়াজ, ফূম ও মসুর ডাল।’ -সূরা আল বাকারা: ৬১
লাউজাতীয় সবজি: আল্লাহর নবী হজরত ইউনুস (আ.)-এর ঘটনা বর্ণনা করতে গিয়ে পবিত্র কোরআনে ‘ইয়াকতিন’ নামের একটি সবজির কথা এসেছে। আল্লাহতায়ালা বলেন, ‘আর আমি তার ওপর একটি ইয়াকতিন গাছ উদগত করলাম।’ -সূরা সাফফাত: ১৪৬
আদা: জান্নাতের পানীয়ের বর্ণনায় পবিত্র কোরআনে আদার উল্লেখ এসেছে। আল্লাহতায়ালা বলেন, ‘আর সেখানে তাদের পান করানো হবে এমন পানপাত্র, যার মিশ্রণ হবে আদা।’ -সূরা ইনসান: ১৭
সিদর বা বরইজাতীয় বৃক্ষ: জান্নাতের নেয়ামতের বর্ণনায় সিদরগাছের উল্লেখ রয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘তারা থাকবে কাঁটাবিহীন সিদরগাছের মধ্যে।’ -সূরা ওয়াকিয়া: ২৮
পবিত্র কোরআনে ফলমূল, শস্য ও উদ্ভিদের উল্লেখ শুধু খাদ্যের পরিচয় দেওয়ার জন্য নয়; বরং এগুলোর মাধ্যমে আল্লাহর অসীম ক্ষমতা ও কুদরতের প্রকাশ ঘটে।
























