দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়েছে। দিনের বেলা রোদের উষ্ণতা থাকলেও রাতের তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী। শনিবার (০৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেখানে বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
রাতে তাপমাত্রা কমলেও দিনের বেলায় তা ৩০ থেকে ৩২ ডিগ্রি পর্যন্ত পৌঁছাচ্ছে। তবে উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাসের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে ঠান্ডার প্রকোপ বেশি থাকে, যার ফলে শীতবস্ত্রের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, পূর্ণাঙ্গ শীত আসতে কিছুটা সময় বাকি থাকলেও চলতি মৌসুমে কয়েকটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।





















