গাজীপুর মহানগরীর জোড়পুকুর এলাকায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, একটি পুরোনো টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়েই তাদের দল ঘটনাস্থলে কাজ করছে। তবে বাড়িটি নিশ্চিতভাবে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কি না, তা যাচাই করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
























