একুশ শতকের শুরুর দিকে বাংলাদেশে ইন্টারনেট বা স্মার্টফোনের ব্যাপক বিস্তার না থাকলেও ইংরেজি সিনেমা দেখার বেশ চল ছিল। তখন ভিসিডি বা ডিভিডি প্লেয়ারে ডিস্ক চালিয়ে ছোট-বড় সবাই বুঁদ হয়ে থাকত হলিউডি ছবিতে। সেই সময় এ দেশের তরুণদের শৈশব-কৈশোরে যে ছবিটি সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল, সেটি হলো ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের মহাকাব্যিক চলচ্চিত্র ‘টাইটানিক’। বাংলায় অনুদিত সিডিও বিক্রি হয়েছিল দেদার। এই ছবির মাধ্যমেই বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে আসন গেড়ে নেন ‘জ্যাক’ রূপী লিওনার্দো ডিক্যাপ্রিও।
টাইটানিকের সেই চকোলেট বয় থেকে আজকের সুপ্রতিষ্ঠিত ও প্রভাবশালী অভিনেতা—ডিক্যাপ্রিওর যাত্রাটা সত্যিই বিস্ময়কর। দীর্ঘ অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘ইনসেপশন’, ‘জ্যাঙ্গো আনচেইনড’, ‘শাটার আইল্যান্ড’ কিংবা ‘ওয়ান ব্যাটল আফটার এনাদার’-এর মতো একের পর এক সাড়াজাগানো চলচ্চিত্র। অনবদ্য অভিনয়দক্ষতার জন্য এ পর্যন্ত আটবার অস্কারের মনোনয়ন পেয়েছেন তিনি। এর মধ্যে ২০১৫ সালে ‘দ্য রেভেন্যান্ট’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের স্বীকৃতি হিসেবে জিতে নেন সেরা অভিনেতার পুরস্কার।
লিওনার্দো ডিক্যাপ্রিওর পুরো নাম লিওনার্দো উইলহেল্ম ডিক্যাপ্রিও। বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির নামানুসারে তাঁর নামকরণ করা হয়েছিল। ১৯৭৪ সালের ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে তাঁর জন্ম। বাবা জর্জ ডিক্যাপ্রিও ছিলেন আন্ডারগ্রাউন্ড কমিক বইয়ের চিত্রশিল্পী ও লেখক এবং মা ইরমেলিন ডিক্যাপ্রিও কাজ করতেন আইনজীবীর সহকারী হিসেবে। ইতালীয়, জার্মান, ইউক্রেনীয় ও রুশ বংশোদ্ভূত লিওনার্দোর জন্মের কিছুদিনের মধ্যেই তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের পরও ছেলের মানসিক বিকাশের কথা চিন্তা করে তাঁরা পাশাপাশি দুটি বাড়িতে বসবাস করতেন, যার মাঝে ছিল একটি অভিন্ন বাগান।
মা ইরমেলিনের কাছেই মূলত বড় হয়েছেন লিওনার্দো। তবে বাবা জর্জও ছেলের ভেতরে থাকা সৃজনশীল প্রতিভাকে অঙ্কুরে ঝরে যেতে দেননি। অডিশন থেকে শুরু করে অভিনয়ের নানাবিধ দিকনির্দেশনা দিয়ে ছেলেকে গড়ে তুলতে ভূমিকা রেখেছেন তিনি।
আশির দশকের শেষভাগে ‘রোজান’ (১৯৮৮) ও ‘দ্য নিউ ল্যাসি’র (১৯৮৯) মতো কয়েকটি টিভি ধারাবাহিকে ছোটখাটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে প্রযোজকদের নজরে আসেন ডিক্যাপ্রিও। এরপর ১৯৯১ সালে স্বল্প বাজেটের ভৌতিক সিনেমা ‘ক্রিটার্স থ্রি’ দিয়ে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে। প্রথম ছবিতে মূল প্রতিভা দেখানোর সুযোগ না পেলেও এটি তাঁর পরবর্তী সুযোগের দুয়ার খুলে দেয়। জনপ্রিয় সিটকম ‘গ্রোয়িং পেইনস’-এ সিভার পরিবারের সঙ্গে থাকা এক গৃহহীন কিশোরের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন।


























