শীতের আগমনে বাজারে নতুন সবজির সরবরাহ বাড়লেও ফেনীর সাধারণ ক্রেতাদের স্বস্তি ফিরছে না। ফুলকপি, বাঁধাকপি ও শিমের মতো শীতকালীন সবজি বাজারে এলেও চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ পণ্য। বিশেষ করে টমেটো, শিম ও বরবটির উচ্চমূল্য ক্রেতাদের বাজেটে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের মানুষ এখন বাধ্য হয়ে কেনাকাটার পরিমাণ কমিয়ে দিয়েছেন।
বাজার ঘুরে দেখা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতি কেজি টমেটো ১৬০ টাকা, শিম ১০০ টাকা এবং বরবটি ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ এখনো চাহিদার তুলনায় কম। তবে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সবজির সরবরাহ আরও বাড়লে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে, সবজির চড়া দামের কারণে খুচরা বিক্রেতারাও বেচাবিক্রি কমে যাওয়ার অভিযোগ করেছেন।


























