ভবিষ্যৎ ক্রিকেটার গড়ে তোলার লক্ষ্যে বরগুনা জেলা দল গঠনের নিমিত্তে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাক-বাছাই ও প্রি-ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক উদীয়মান ও প্রতিশ্রুতিশীল ক্রিকেটার অংশ নেয়।
শুক্রবার সকালে বরগুনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় এই ট্রায়াল অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনটির সমন্বয় ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন বরিশাল বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোচ তাসরিকুল ইসলাম টোটাম এবং বরগুনা জেলা কোচ ওমর ফারুক আকাশ। সকাল থেকেই ক্রিকেটারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম প্রাঙ্গণ।
বরগুনা জেলা ক্রিকেট দলের কোচ ওমর ফারুক আকাশ বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে তৃণমূলের প্রতিভা অন্বেষণ করাই আমাদের মূল লক্ষ্য। সঠিক পরিচর্যা, নিয়মানুবর্তিতা ও আধুনিক দিকনির্দেশনা দিয়ে তাদের জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো যোগ্য করে গড়ে তোলা হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই তরুণরাই বরগুনার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বরিশাল বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কোচ তাসরিকুল ইসলাম টোটাম জানান, প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করা হবে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ, শারীরিক সক্ষমতা ও বয়স যাচাইয়ের পর বিসিবির জাতীয় বয়সভিত্তিক প্রতিযোগিতার জন্য বরগুনা জেলা দল চূড়ান্ত করা হবে।
























