দুই দশকের বেশি সময় ধরে চলা জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের শেষ পর্ব নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, শোয়ের চূড়ান্ত পর্বে অতিথি হিসেবে হাজির হতে পারেন বলিউড বাদশা শাহরুখ খান। তাঁর সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা যেতে পারে মেয়ে সুহানা খানকে।
‘ভ্যারাইটি ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’-এর প্রচারণার অংশ হিসেবে এই বিশেষ পর্বটির শুটিং সম্পন্ন হয়েছে। চমকপ্রদ তথ্য হলো, এই পর্বে করণ জোহরের দুই সন্তান রুহি ও যশকেও প্রথমবারের মতো ক্যামেরার সামনে দেখা যেতে পারে।
উল্লেখ্য, ২০০৪ সালে শোটির যাত্রা শুরুর সময় প্রথম অতিথি ছিলেন শাহরুখ খান। ২০২৬ সালে এসে শোয়ের শেষ পর্বেও তাঁর উপস্থিতি এক ধরনের বৃত্ত সম্পূর্ণ করার ইঙ্গিত দিচ্ছে। যদিও এই বিশেষ পর্বের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























