সৌদি আরবের পবিত্র মদিনা শরিফে অবস্থিত মসজিদে নববিতে গত সেপ্টেম্বর মাসে দুই কোটিরও বেশি মুসল্লি ও দর্শনার্থী সমাগম ঘটেছে। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটির প্রকাশিত তথ্যে এই পরিসংখ্যান উঠে এসেছে।
কর্তৃপক্ষ জানায়, আলোচিত ওই এক মাসে মোট ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মানুষ মসজিদে নববিতে উপস্থিত হয়েছেন। এর মধ্যে ১৪ লাখ ৪৯ হাজার ৭৯১ জন সৌভাগ্যবান দর্শনার্থী রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন। পাশাপাশি, ৩ লাখ ৫৫ হাজার ১৩০ জন দর্শনার্থী পথনির্দেশনা সেবা এবং ২ লাখ ৮৭ হাজার ৮৮৬ জন অতিথি সরাসরি সেবাকেন্দ্র থেকে বিভিন্ন সেবা গ্রহণ করেছেন।
দর্শনার্থীদের ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার অংশ হিসেবে এই সময়ে মসজিদে নববির সমৃদ্ধ গ্রন্থাগার পরিদর্শন করেছেন ৮১ হাজার ২৪৩ জন মানুষ। এছাড়া মসজিদ চত্বরে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেছেন ১ লাখ ৩৭ হাজার ৮৬৭ জন দর্শনার্থী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে আগত মুসল্লিদের সর্বোত্তম সেবা প্রদান এবং একটি শান্ত ও স্নিগ্ধ পরিবেশে ইবাদত করার সুযোগ নিশ্চিত করতেই এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত রয়েছে।


























