জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন যে, তারেক রহমানের নেতৃত্বেই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এবং তার নেতৃত্বেই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। তিনি বিএনপি নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ লালন করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনার কথা বলেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেল তিনটার দিকে শহরের আলাইপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়, সেখানেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় স্নিগ্ধ এসব কথা বলেন।
তিনি বলেন, “গত ১৭ বছর খুনি, ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন-নিপীড়ন করেছে। এর মধ্যে বিএনপিই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আমরা আন্দোলনের সময় কোনো আপোশ করিনি। আমাদের গণভবনে নিয়ে গিয়ে আপোশ করানোর চেষ্টা করা হয়েছিল। তখন আমরা বাধ্য হয়ে আত্মগোপনে চলে গিয়েছিলাম।” তিনি আরও বলেন, “বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিলেন, আমার মা-ও ঠিক সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিল। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে। এই ফ্যাসিস্টের চিরতরে পতনের মাধ্যমেই এসব হত্যার বদলা নিতে হবে।”
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার এবং জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ অন্যান্যরা।
রিপোর্টারের নাম 























