চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এ চাকরি পাইয়ে দেওয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাসুম রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মাসুম রানা ওই ইউনিয়নের হাউসনগর গ্রামেরই বাসিন্দা, মৃত আজিজুর রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে মাসুম রানার আপন ভাগনের বিজিবিতে চাকরি হয়। চাকরি হওয়ার পর থেকেই মাসুম তার বোনের কাছে ৭ লাখ টাকা দাবি করে আসছিলেন। তার দাবি ছিল, তিনি কোনো এক দালালের মাধ্যমে ভাগনের চাকরিটি করে দিয়েছেন এবং সেই দালালকে এখন ৭ লাখ টাকা দিতে হবে। মাসুম এভাবে একনাগাড়ে টাকা দাবি করতে থাকায়, এক পর্যায়ে তার বোন নিজেই বাদী হয়ে মামলা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “ভাগনের বিজিবির চাকরি হয়েছে শুনে মাসুম রানা তার স্বজনদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। পরে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
রিপোর্টারের নাম 






















