জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’। শনিবার থেকে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আগামী রোববার জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ বিভিন্ন সুপারিশ গ্রহণের মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।
মার্কিন ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই ফোরামে নীতিনির্ধারক হিসেবে উপস্থিত রয়েছেন মার্কিন স্বরাষ্ট্রসচিব ডগ বারগাম, জ্বালানিসচিব ক্রিস রাইট এবং জাপানের অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী আকাজাওয়া রিওসেই। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের জ্বালানিমন্ত্রীরা অংশগ্রহণ করছেন।
সম্মেলনের মূল লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি স্থিতিশীল ও শক্তিশালী জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা। বিশেষ করে এই অঞ্চলে কীভাবে সাশ্রয়ী, নিরাপদ এবং দ্রুত সরবরাহযোগ্য জ্বালানি নিশ্চিত করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করছেন অংশগ্রহণকারীরা। ফোরামের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি মন্ত্রী যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইয়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব আলোচনার প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা।
রিপোর্টারের নাম 

























