নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমান তাঁর পূর্বের সকল ব্যবসায়িক সংশ্লিষ্টতা থেকে সম্পূর্ণভাবে সরে এসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পর একথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
মুখপাত্র আরিফ হোসেন খান আরও জানান, নতুন গভর্নরের প্রধান লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আনা। আজকের বৈঠকে উচ্চ সুদের হার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠার ধারা অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে কীভাবে সুদের হার শিথিল করা যায়, সে বিষয়ে গভর্নর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।”
এছাড়াও, বৈঠকে বন্ধ থাকা শিল্প-কারখানাগুলো পুনরায় চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার বিষয়গুলোও আলোচিত হয়েছে। গভর্নর বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন। কোনো বিভাগের অ-সমন্বয়ের কারণে যেন সরকারের কাজে কোনো চ্যালেঞ্জ তৈরি না হয়, সেদিকে সজাগ থাকার বিষয়েও তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।
রিপোর্টারের নাম 
























