বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢালিউডের পরিচিত খল অভিনেতা শিবা শানু (চৌধুরী মাজহার আলী)। অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী চুক্তিভিত্তিক এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী অন্যান্য সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। নতুন এই সরকারি পদে যোগ দিতে হলে তাকে শিল্পী সমিতির পদটি ছাড়তে হবে। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করা এই অভিনেতা এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
























