বাংলাদেশের আধুনিক রিটেইল খাতে নেতৃত্ব দেওয়া ‘স্বপ্ন’র পরিচালনাকারী প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকস লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে জাপানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং। এই চুক্তির আওতায় মিতসুই, এসিআই লজিস্টিকসকে একটি কাঠামোবদ্ধ রূপান্তরযোগ্য ঋণ সুবিধা প্রদান করবে, যা বৈদেশিক মুদ্রায় নির্ধারিত হবে। এর ফলে ‘স্বপ্ন’র ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য অর্জন ও দেশের রিটেইল খাতে এর অবস্থান আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসিআই পিএলসি-এর চেয়ারম্যান এম. আনিস উদ দৌলা, ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা এবং এসিআই লজিস্টিকস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাব্বির হাসান নাসির উপস্থিত ছিলেন। মিতসুই অ্যান্ড কো. (এশিয়া প্যাসিফিক) প্রা. লিমিটেডের কনজিউমার সেন্ট্রিক বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের চিফ অপারেটিং অফিসার কাজুহাইডে নাকাজো তার প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসিআই লজিস্টিকস লিমিটেড এসিআই পিএলসি-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, যার অধীনে দেশের সর্ববৃহৎ রিটেইল চেইন ‘স্বপ্ন’ পরিচালিত হয়। বর্তমানে দেশজুড়ে ‘স্বপ্ন’র ৮৩৫টিরও বেশি আউটলেট রয়েছে, যা গ্রাহকদের কাছে মানসম্মত পণ্য ও উন্নত শপিং অভিজ্ঞতা পৌঁছে দিচ্ছে।
জাপানের অন্যতম সুপ্রতিষ্ঠিত বহুজাতিক প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোম্পানি বিশ্বের ৬০টিরও বেশি দেশে বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে আসছে। গভীর কারিগরি জ্ঞান, বৈশ্বিক সোর্সিং দক্ষতা এবং বিস্তৃত শিল্পখাতের অভিজ্ঞতা নিয়ে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
এই অংশীদারিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করে মিতসুই জানিয়েছে, তারা বাংলাদেশের আধুনিক রিটেইল খাতে ‘স্বপ্ন’র নেতৃত্ব, বিস্তার, পরিচালন দক্ষতা এবং গ্রাহকদের উন্নত শপিং অভিজ্ঞতা ও মানসম্মত পণ্য সরবরাহের সক্ষমতার প্রতি গভীর আস্থা রাখে। ভবিষ্যতে মিতসুই ‘স্বপ্ন’র সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে পরিচালন শ্রেষ্ঠত্ব, সুশাসন, সাপ্লাই চেইন অপটিমাইজেশন এবং টেকসই উন্নয়ন (সাসটেইনেবিলিটি) নিশ্চিত করতে।
রিপোর্টারের নাম 
























