গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম সম্প্রতি মাঠপর্যায়ে সংস্থার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন। কৃষকের দোরগোড়ায় কৃষি উপকরণ ও অত্যাবশ্যকীয় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সেচ সুবিধা সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিএডিসির চেয়ারম্যান হিসেবে যোগদান করার পর থেকেই মোঃ আজিজুল ইসলাম সংস্থার বিভিন্ন উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আসছেন। এ সময় তিনি উল্লেখ করেন যে, বিএডিসি এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের প্রায় ১২ শতাংশ অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কৃষির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএডিসিকে বীজ, সার ও সেচসহ অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং অত্যাবশ্যকীয় সেবা আরও কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দিতে হবে। সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তবায়নে স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এরই ধারাবাহিকতায়, বিগত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চেয়ারম্যান ঢাকার গাবতলীতে বিএডিসির মাধ্যমে বাস্তবায়নাধীন ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। একইসঙ্গে তিনি নির্মাণাধীন প্রি-ফেব্রিকেটেড সার গুদাম এবং গাবতলীর আমিন বাজারে বিএডিসি’র সার লোডিং-আনলোডিং কার্যক্রম সরেজমিনে দেখেন। পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন সার গুদামের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে দ্রুত সার সংরক্ষণের ব্যবস্থা করতে এবং দেশের বিভিন্ন ঘাট থেকে নির্ধারিত গুদামগুলোতে সার পরিবহণের কাজটি যথাসময়ে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
পরবর্তীতে, তিনি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুরে “বৃহত্তর ঢাকা সেচ এলাকা উন্নয়ন” প্রকল্পের আওতায় স্থাপিত ক্ষেত্রায়িত সৌরশক্তি চালিত লো-লিফট পাম্প এবং জামিত্তা ইউনিয়নে পুনঃখননকৃত চাপরাইল খাল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুবিধা-অসুবিধা সম্পর্কে অবহিত হন। তিনি জানান, বর্তমান সরকারের কর্মপরিকল্পনা অনুযায়ী সেচ সুবিধা কার্যক্রম সম্প্রসারণে দেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। খাল নির্বাচনের ক্ষেত্রে উপকারভোগী কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সঠিক নির্বাচনের বিষয়টি নিশ্চিত করার জন্যও তিনি নির্দেশনা দেন।
পরিদর্শনকালে বিএডিসির সংশ্লিষ্ট সদস্য পরিচালক, প্রকল্প পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























