ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দায়িত্ব গ্রহণের পর বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।
মাজার জিয়ারতকালে ডিএনসিসি প্রশাসক মরহুম নেতাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
এর আগে আজ সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ডিএনসিসির প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন মো. শফিকুল ইসলাম খান। দায়িত্বভার গ্রহণের পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
দায়িত্ব পালন প্রসঙ্গে নবনিযুক্ত প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য। রাজধানীর সার্বিক উন্নয়ন ও পরিচ্ছন্ন নগরী গড়তে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 























