বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে প্রবাসীরা তাদের নিবন্ধিত ই-মেইল ঠিকানায় ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) গ্রহণ করতে পারবেন, যা মোবাইল ফোনের মাধ্যমে ওটিপি প্রাপ্তির সীমাবদ্ধতা দূর করবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিশেষ নিবন্ধন পদ্ধতির আওতায় এই নতুন সুবিধা চালু করা হয়েছে। যেসব প্রবাসী করদাতা পূর্বে বায়োমেট্রিক মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছিলেন, কিন্তু বর্তমানে বিদেশে থাকায় মোবাইল ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছিলেন না, তাদের জন্যই এই ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।
ই-মেইল ভেরিফিকেশন সুবিধা পেতে আগ্রহী প্রবাসী করদাতাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে তার নিজস্ব ই-মেইল ঠিকানা থেকে ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় একটি মেইল পাঠাতে হবে। এই মেইলের সাথে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ভিসার পাতার কপি, বিদেশের বর্তমান ঠিকানা, বিদেশের মোবাইল বা টেলিফোন নম্বর এবং সর্বশেষ দেশ ত্যাগের তারিখের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।
দাখিলকৃত কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই শেষে এনবিআর ই-মেইল ভেরিফিকেশনের আবেদন অনুমোদন করবে। এরপর করদাতারা তাদের যাচাইকৃত ই-মেইলে পাঠানো ওটিপি ব্যবহার করে সহজেই পাসওয়ার্ড রিসেট করতে পারবেন, নিবন্ধন সম্পন্ন করতে পারবেন এবং ই-রিটার্ন সংক্রান্ত অন্যান্য যাবতীয় কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারবেন।
এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের এই সহজ ও আধুনিক পদ্ধতি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-২০২৬ কর বছরে এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা সফলভাবে অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। রাজস্ব কর্তৃপক্ষ সকল ব্যক্তিশ্রেণির করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে ২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য।
রিপোর্টারের নাম 
























