ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও আধুনিক গবেষণার সমন্বয়ে নতুন পথচলার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’। সম্প্রতি চট্টগ্রাম শহরের লালখান বাজার, বাটালী হিলস্থ ফারহাতবাগ রেসিডেন্সে এক সাধারণ সভার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সালাউদ্দীন কাসেম খান-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুমোদনের পাশাপাশি এর নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনটি কুরআন ও হাদিসের নির্দেশনা অনুসারে জ্ঞানার্জন, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সত্য ও জ্ঞানের অন্বেষণকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো ইসলামী জ্ঞান ও নীতির গভীরতা অনুধাবন করা, আধুনিক সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের সমাধান খুঁজে বের করা এবং মুসলিম উম্মাহর নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করা।
সভায় প্রাথমিকভাবে ২২ সদস্য বিশিষ্ট একটি সাধারণ পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদে রয়েছেন ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দীন কাসেম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী, বিশিষ্ট সংগঠক ডা: মঈনুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, উন্নয়নকর্মী মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, কানাডা প্রবাসী লেখক ওয়াহিদুর রহমান, সমাজ সেবক ও মানবাধিকার কর্মী লায়ন সেতারা গাফ্ফার, লেখক আহমদুল ইসলাম চৌধুরী, লায়ন নজমুল হক চৌধুরী, এমজেএফ, পিডিজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. যুবায়ের মোহাম্মদ এহসানুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ মুরাদ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আবু মোহাম্মদ জিয়া হাবীব আহসান, নারী উদ্যোক্তা ডা. মুনাল মাহবুব, ব্যাংকার মো. সিরাজুল ইসলাম, গবেষক মুহাম্মদ আবু তালেব, গবেষক উম্মে সায়েমা তাযকিয়া, গবেষক আয়েশা সিদ্দিকা, গবেষক মো. হেদায়েতুল ইসলাম চৌধুরী এবং ব্যাংকার মো. এরফানুল করিম।
একইসাথে, তিন বছর মেয়াদের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি নির্বাহী পরিষদও গঠিত হয়েছে। এই কমিটিতে রয়েছেন: সালাউদ্দীন কাসেম খান (চেয়ারম্যান), অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার (ভাইস চেয়ারম্যান), অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান (মহাসচিব), গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী (ট্রেজারার), ডা. মঈনুল ইসলাম মাহমুদ (নির্বাহী সদস্য), অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন (নির্বাহী সদস্য) এবং মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী (নির্বাহী সদস্য)।
এছাড়াও, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ড. মাসুদুল আলম চৌধুরীকে ফাউন্ডেশন-এর উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়েছে। এই নবগঠিত ফাউন্ডেশন জ্ঞান ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























