সাশ্রয়ী আমানত (কাসা) সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জনের জন্য এনআরবিসি ব্যাংকের ৬৬টি শাখা ও উপশাখা পুরস্কৃত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ এ এই সম্মাননা প্রদান করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া শাখা ও উপশাখা প্রধানদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
এই অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান সভাপতিত্ব করেন। এছাড়াও অনুষ্ঠানে স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ (এফসিএ) এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন।
ব্যাংকের মুনাফা অর্জনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ১০০ দিনব্যাপী ‘কাসা ক্যাম্পেইন’ পরিচালিত হয়েছিল। এই বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখা দেশব্যাপী বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘তারুন্যের উৎসব ও ক্যারিয়ার গাইডলাইনস’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। এই উৎসবমুখর আয়োজনের ফলে ব্যাংকের মোট আমানতের পরিমাণ ২১ হাজার কোটি টাকা এবং আমানত হিসাবের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, “টেকসই মুনাফা নিশ্চিত করার ক্ষেত্রে বিনা ও স্বল্প ব্যয়ের আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের চলতি ও সঞ্চয়ী আমানত বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।” তিনি আরও যোগ করেন, “অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তির পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি প্রদানও সুশাসনের একটি অংশ। আমাদের লক্ষ্য হলো সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করে এনআরবিসি ব্যাংককে আমানতকারীদের জন্য একটি নিরাপদ ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।”
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণ, সাশ্রয়ী আমানত সংগ্রহ এবং ব্যাংকিং সেবাপ্রাপ্তি থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার ওপর এনআরবিসি ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত এবং প্রতিটি শাখা-উপশাখার নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে।
রিপোর্টারের নাম 

























