ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল মেসি। যুক্তরাষ্ট্রের মায়ামিতে এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হওয়ার পাশাপাশি তার একাধিক হাড় ভেঙে গেছে। এই ঘটনার জেরে আগামী ৩ জানুয়ারি তার বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, সাংবাদিক আনহেল দে ব্রিতো টেলিভিশন শো ‘এলএএম’-এ প্রথম এই খবরটি সামনে আনেন। পরবর্তীতে মারিয়া সল নিজে এবং মেসির মা সেলিয়া কুচিত্তিনি বিষয়টি নিশ্চিত করেন।
মেসির মা সেলিয়া কুচিত্তিনি জানান, মারিয়া সল নিজেই তার এসইউভি গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় তিনি নিয়ন্ত্রণ হারান এবং একটি দেওয়ালে সজোরে ধাক্কা লাগে। এতে তার কব্জি পুড়ে যাওয়ার পাশাপাশি মেরুদণ্ডের দুটি হাড় এবং পায়ের গোড়ালি ভেঙে গেছে।
পরিবার সূত্রে জানানো হয়েছে, মারিয়া সলের আঘাত গুরুতর হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত। তবে তাকে দীর্ঘ সময় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অথচ মারিয়া সল ও তার দীর্ঘদিনের সঙ্গী হুলিয়ান আরেলানোর আগামী ৩ জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। ১২ বছরের সম্পর্কের পর এই দম্পতি বড় আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। দুর্ঘটনায় এখন সেটি পেছানো হয়েছে।
মারিয়া সলের দীর্ঘদিনের সঙ্গী হুলিয়ান আরেলানো বর্তমানে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।
রিপোর্টারের নাম 

























