মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে কিউইরা।
৪৬২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩৮ রানেই অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চা-বিরতির পর মাত্র ৪ ওভারের মধ্যেই ইনিংস গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার ব্র্যান্ডন কিং।
নিউজিল্যান্ডের এই ঐতিহাসিক জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। প্রথম ইনিংসে কনওয়ে ২২৭ ও দ্বিতীয় ইনিংসে ১০০ রান করেন। অধিনায়ক ল্যাথাম প্রথম ইনিংসে ১৩৭ ও দ্বিতীয় ইনিংসে করেন ১০১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই প্রথম একই ম্যাচে দুই ওপেনার জোড়া সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন।
সিরিজের প্রথম ম্যাচ ক্রাইস্টচার্চে ড্র হলেও ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট জিতে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। শেষ ম্যাচেও দাপট ধরে রাখে তারা।
পিচে ফাটল থাকায় অসমান বাউন্স আর টার্ন কাজে লাগিয়ে ওয়েস্ট ইন্ডিজকে দিশেহারা করে দেন ডাফি ও স্পিনার অ্যাজাজ প্যাটেল। তাতে মধ্যাহ্নভোজের বিরতির আগে-পরে হুট করে ধস নামে উইন্ডিজ শিবিরে। বিনা উইকেটে ৮৭ রান থেকে ১১২ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় তারা।
দিনের শুরুটা ভালোই করেছিলেন ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল। বিশেষ করে কিং আক্রমণাত্মক মেজাজে খেলে ৬৭ রান করেন। তবে ডাফির বলে কিং সাজঘরে ফিরতেই শুরু হয় ধস। পরের ওভারেই অ্যাজাজ প্যাটেল তুলে নেন ক্যাম্পবেলকে (১৬)। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কাভেম হজ এবার রানের খাতা খোলার আগেই বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।
শেষ দিকে শাই হোপ ৩ এবং চোট নিয়ে নামা কেমার রোচ ৪ রান করে আউট হলে হার নিশ্চিত হয় উইন্ডিজের। ৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের নায়ক জ্যাকব ডাফি। অ্যাজাজ প্যাটেল ২৩ রানে নেন ৩ উইকেট।
রিপোর্টারের নাম 

























