চাঁপাইনবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর এলাকায় এই সংঘর্ষ হয়।
জানা গেছে, আহত ব্যক্তিরা সবাই জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থক। আহতদের স্বজনদের অভিযোগ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক এবং সাবেক এমপি মো. আমিনুল ইসলামের সমর্থকরা এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে গত কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে, গত তিন দিন আগে আব্দুস সালাম তুহিনের সমর্থকরা আমিনুল ইসলামের সমর্থক তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করেন। সেই ঘটনার পাল্টা প্রতিশোধ হিসেবে মঙ্গলবার সকালে আমিনুল ইসলামের সমর্থকরা হামলা চালালে ১০ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তবে এ বিষয়ে জানতে মো. আমিনুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, “সাবেক এমপি মো. আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থকরা এলাকায় প্রচার-প্রচারণা নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। এটি দলের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না। আমি উপজেলা কমিটিকে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছি।”
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক এমপি মো. আমিনুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
রিপোর্টারের নাম 

























